সোনাগাজীতে দোকান ভাঙচুর বাবা-ছেলেকে কুপিয়ে আহত
ফেনীর সোনাগাজীতে গ্রামের একটি দোকানে বাকিতে মাল বিক্রি না করায় এবং বকেয়া টাকা চাওয়ায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ওই দোকানে হামলা-ভাঙচুর চালিয়ে দোকানি ও তাঁর ছেলেকে কুপিয়ে আহত করেছে। বাবা-ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় আটজনকে আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর দরবেশ গ্রামে বাকিতে মালামাল বিক্রি করতে রাজি না হওয়ায় এবং বকেয়া টাকা চাওয়ায় দুর্বৃত্তরা সোমবার রাতে মুদি দোকানি কুমুদ বিহারী দাসের (৫৫) দোকানে হামলা ও ভাঙচুর করে। তিনি ও তাঁর ছেলে পরিমল চন্দ্র দাস (৩০) বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তদের বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। কুমুদ বিহারী দাসকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিমল চন্দ্র দাসকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতেই সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় পরিমল চন্দ্র দাস বাদী হয়ে আটজনকে আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা করেছেন।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।