সোনাগাজীতে নির্বাচন বর্জন, কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজীতে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারার প্রতিবাদে বিএনপি-সমর্থিত একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছেন।

সকাল সাড়ে নয়টায় সোনাগাজী এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে প্রভাব বিস্তারের সময় সেনাসদস্যরা যুবলীগের দুই কর্মীকে আটক করেন। তাঁদের কাছ থেকে একটি এলজি এবং তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রে গতকাল শনিবার রাতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তিন হাজার ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকান। খবর পেয়ে সেনাসদস্যরা সেখানে উপস্থিত হয়ে ছয়জনকে ধরে পুলিশে সোপর্দ করেন। আজ সকালে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুল হক ওই তিন হাজার ভোট বাতিল করেন।

মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ৬০০ ব্যালট পেপারে সিল মারেন আওয়ামী লীগের কর্মীরা। পরে ওই ভোট বাতিল করা হয়েছে। ওসমানিয়া হাইস্কুল কেন্দ্রে জোর করে ঢুকে ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে ধরে তরিকুল ইসলাম নামের এক যুবলীগের কর্মীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভোটারদের অভিযোগ, সকাল আটটায় সোনাগাজী বালিকা বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালটে সিল মারে। সকাল ১০টার মধ্যে ওই কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে।

উপজেলা বিএনপি-সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আলম ভূঞা ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, উপজেলার ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় ৫০টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। প্রতিবাদে তাঁরা ভোট বর্জন করেন এবং আগামীকাল সোমবার সোনাগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন।

অন্যদিকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জেড এম কামরুল আনাম এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভোট পাবেন না বলে গতকাল রাতেই কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ফুলগাজীতে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী ও অন্য তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বাতিলের দাবি করে লিখিত অভিযোগ করেন।