সোনাগাজীতে নির্মাণের তিন ঘণ্টা পরই ভেসে গেছে ক্লোজার বাঁধ
ফেনীর সোনাগাজী উপজেলার ফেনী নদীর চর চান্দিয়া এলাকায় ‘বাঁকা নদী সোজাকরণ প্রকল্পের’ ক্লোজার বাঁধ নির্মাণের শেষ ২০ মিটার গতকাল রোববার জোয়ারের পানিতে ভেসে গেছে। নির্মাণের মাত্র তিন ঘণ্টার মাথায় বাঁধটি ভেসে গেল। জানা গেছে, সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা ফেনী নদীর ভাঙন থেকে রক্ষা করতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁকা নদী সোজা করার দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় লোকজনের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ অবশেষে প্রায় ১০ কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করে। ইতিমধ্যে প্রায় ৪০০ মিটার বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি ছিল শুধু চূড়ান্ত পর্বের ২০ মিটার বাঁধ নির্মাণ।সূত্র জানায়, সব প্রস্তুতি শেষে গতকাল ভোর চারটার দিকে আনুষঙ্গিক অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজে নামেন। বেলা সাড়ে তিনটার মধ্যে ক্লোজার বাঁধের শেষ ২০ মিটারের নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে প্রবল জোয়ারের পানিতে ভেসে যায় এই ২০ মিটার বাঁধসহ পুরোনো কিছু অংশও।ফেনী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লা জানান, গতকাল আবহাওয়া কিছুটা খারাপ ছিল। এ কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটার বেশি উঁচু জোয়ার হয়। জোয়ারের তীব্রতাও ছিল বেশি। এ কারণে ক্লোজার বাঁধটি ভেঙে গেছে।