সোনাগাজীতে পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল শনিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ গ্রাহকেরা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এতে অফিসের ফাইলপত্র, কম্পিউটারসহ ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে সোনাগাজী দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করেন। সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ৩০০-৪০০ লোক সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসসংলগ্ন পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিদ্যুতের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় কিছু লোক অফিসের দরজা-জানালা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা স্লোগান দিয়ে অফিসে ঢুকে অফিসের বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পাশেই অবস্থিত দমকল বাহিনীর কর্মী ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে অফিসের কম্পিউটার, বহু ফাইলপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য জিনিস পুড়ে যায়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বিদ্যুৎ গ্রাহক অভিযোগ করেন, কিছুদিন ধরে সোনাগাজীতে দৈনিক চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। কোনো কোনো দিন ঘণ্টায় কয়েকবারও বিদ্যুৎ চলে যায়। এতে তাঁরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্য) মামুনুর রশিদ অগ্নিসংযোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনাগাজীতে বিদ্যুতের প্রয়োজন ৮ মেগাওয়াট, কিন্তু পাওয়া যায় ২ মেগাওয়াট। ফলে লোডশেডিং না দিয়ে উপায় থাকে না।