সোনাগাজীতে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল সোমবার সকালে পুলিশ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।
এ সময় পুলিশ শটগানের ১৫টি গুলি এবং টিয়ার গ্যাসের চারটি শেল নিক্ষেপ করে। বিএনপির কর্মীরা অন্তত ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে বিজিবি ও সেনাসদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
২৩ মার্চ সোনাগাজী উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির প্রতিবাদে উপজেলা বিএনপির পক্ষ থেকে গতকাল সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছিল। কিন্তু হরতালে তেমন সাড়া মেলেনি।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, হরতালের সমর্থনে গতকাল বেলা ১১টার দিকে বিএনপির কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল উপজেলা সদরের জিরো পয়েন্টে পৌঁছার পর পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পুলিশও পাল্টা শটগানের ১৫টি গুলি ও চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে বিজিবি ও সেনাবাহিনীর টহল দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।