সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা, শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত শুক্রবার রাতে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে এক শিশু নিহত ও আরও দুজন আহত হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে সোনাগাজী উপজেলা সদরের কলেজ রোড এলাকার মোসাদ্দেক (৩৬) ও ওই প্রবাসীর বাড়ির গৃহপরিচারিকা ছফুরা খাতুনকে (৪৮) আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার গভীর রাতে সোনাগাজী উপজেলা সদরের ওয়াপদা কলোনির পাশে প্রবাসী আবু আহম্মদের বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। দুর্বৃত্তরা গৃহকর্ত্রী আয়েশা আক্তার নিলুফা (৪৭), তাঁর মেয়ে তাহমিনা আক্তার (২৪) ও নাতনি আসমা আক্তারকে (১ বছর) এলাপাতাড়ি কুপিয়ে আহত করে। দুর্বৃত্তরা তাদের মুমূর্ষু অবস্থায় ঘরের মধ্যে রেখে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে চলে যায়। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করা হয়। চট্টগ্রাম নেওয়ার পথে শিশু আসমা আক্তার মারা যায়। আয়েশা ও তাহমিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।গৃহকর্তা আবু আহম্মদ ও তাঁর ছেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চাকরি করেন। দুর্বৃত্তদের হামলার সময় ওই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলেই মনে হচ্ছে। দুর্বৃত্তদের কেউ হয়তো আগেই ঘরে ঢুকে লুকিয়ে ছিল। রাতে অন্য দুর্বৃত্তদের দরজা খুলে দেওয়া হয়। এ ঘটনার নেপথ্যে কোনো বৈষয়িক বিরোধ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।