ফেনীর সোনাগাজীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদসহ প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজীর ইউএনও গত ২৪ এপ্রিল অন্যত্র বদলি হয়ে যান। তখন ফেনী সদরের ইউএনওকে সোনাগাজীর ইউএনওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তাঁর পক্ষে নিয়মিত সোনাগাজী এসে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। উপজেলা প্রশাসনের অপর গুরুত্বপূর্ণ কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আলম গত নভেম্বরে মাতৃত্বকালীন ছুটিতে যান। ফলে ওই বিভাগের কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে।সূত্র জানায়, এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, দুজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘদিন থেকে শূন্য। ফলে এসব দপ্তরে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। কোনো কর্মচারীর পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত বা মতামত দেওয়া সম্ভব হয় না। এতে এসব কার্যালয়ে কাজে গিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোনাগাজী পৌরসভার বাসিন্দা জসিম উদ্দিন, ইসমাইল হোসেনসহ কয়েকজন বলেন, তাঁরা অনেক আগে উপজেলা ভূমি কার্যালয়ে নামজারির জন্য আবেদন করেছেন। কিন্তু কর্মকর্তা না থাকায় ৩৫ দিনের কাজ তিন-চার মাসেও হচ্ছে না। শাহপুর দুর্বার নারী আন্দোলনের সভানেত্রী ফরিদা ইয়াসমিন বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তা না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রথম আলোকে বলেন, ইউএনওসহ বেশ কয়েকজন কর্মকর্তার পদ শূন্য থাকায় স্থানীয় লোকজন সমস্যার কথা জানাতে তাঁর কাছে ছুটে আসেন। কিন্তু প্রশাসনিক কোনো সিদ্ধান্ত তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। সোনাগাজীতে একজন ইউএনও পদায়নের জন্য তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মুঠোফোনে একাধিকবার অনুরোধ করেছেন।