সোনাগাজীতে বাশার ও তাঁর ছেলের শোডাউন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার। পাশাপাশি এই আসন থেকে তাঁর ছেলে ইসতিয়াক আহমেদও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদান শেষে গতকাল বুধবার দুপুরে দেড় শতাধিক মাইক্রোবাস ও এক শ মোটরসাইকেল নিয়ে সোনাগাজীতে আবুল বাশার তাঁর ছেলেকে নিয়ে শোডাউন করেন। তাঁদের গাড়িবহর সোনাগাজী পৌর শহরের এসে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তাঁদের স্বাগত জানান।
যুবলীগ নেতা আবুল বাশার প্রথম আলোকে বলেন, বিগত ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি। সেবার তিনি প্রার্থী ছিলেন। কিন্তু আসনটি মহাজোটের শরিক দল জাতীয় পার্টির রিন্টু আনোয়ারকে ছেড়ে দেওয়া হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু রিন্টু আনোয়ারও শেষ পর্যন্ত মাঠে না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে রহিম উল্যাহ অনেকটা খালি মাঠে সাংসদ নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আবুল বাশার নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে এ আসনে নির্বাচন করে ৯৩ হাজার ৬৩০ ভোট পেলেও বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করবেন বলে জানান তিনি।
আবুল বশর বলেন, এবার নির্বাচনে তিনি ও তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ দুজনই দাঁড়িয়েছেন। দুজনে একসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
গাড়ি নিয়ে শোভাযাত্রা আচরণবিধি লঙ্ঘন কি না—জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক বলেন, ‘কোনো প্রার্থী এভাবে শোভাযাত্রা করলে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে। বিষয়টি আমি দেখিনি। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।’