সোনাগাজীতে বিএনপির ইফতার মাহফিলে হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির ইফতার মাহফিলে গতকাল শনিবার বিকেলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দুই দফা হামলা ও ভাঙচুর করেছেন। এতে বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।পুলিশ ও দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে সোনাগাজী উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল পাঁচটা থেকে দলীয় নেতা-কর্মীরা ইফতার মাহফিলের স্থানে জমায়েত হতে শুরু করেন। সাড়ে পাঁচটার দিকে রিপন, সুমন ও রুবেলের নেতৃত্বে ২৫-৩০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে ওই কমিউনিটি সেন্টারে হামলা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে চলে যান। এরপর বিএনপির নেতা-কর্মীরা আবারও কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে জমায়েত হতে থাকেন। ১৫ মিনিটের ব্যবধানে ওই যুবকেরা আবারও বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুর করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ফয়সাল (২৪), ছাত্রদলের কর্মী শামীম, আবদুল হক ও বিএনপির কর্মী মফিজ মিয়ার নাম জানা গেছে। ফয়সলকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মামলার খবর জানার পর সোনাগাজী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলা প্রসঙ্গে সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র জামাল উদ্দিন সেন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সরকারের সময় ইফতার মাহফিলও নিরাপদ নয়। তিনি এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন।অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন বিএনপির ইফতার মাহফিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি এ হামলার জন্য উল্টো বিএনপির অভ্যন্তীণ কোন্দলের জের বলে উল্লেখ করেন। সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক মো. হাসান উপজেলা বিএনপির ইফতার মাহফিলে কিছুসংখ্যক যুবকের হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দাগনভূঁঞায় যুবদলের চারজন কর্মীকে মারধর অন্যদিকে গতকাল বিকেলে ফেনীর দাগনভূঁঞা উপজেলা সদরে যুবদলের চারজন কর্মী মারধরের শিকার হয়েছেন। যুবদলের কর্মীরা অভিযোগ করেন, কয়েক দিন আগে তাঁদের সঙ্গে ছাত্রলীগের দু-তিনজন কর্মীর কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে গতকাল শনিবার বিকেলে যুবদলের চারজন কর্মী ঈদের কেনাকাটা করার জন্য দাগনভূঁঞা উপজেলা সদরের এছাক মার্কেটের দোতলায় ওঠেন। তাঁরা একটি দোকানে ঢোকার আগেই রুবেল ও জনির নেতৃত্বে ছাত্রলীগের সাত-আটজন কর্মী তাঁদের ওপর হামলা করেন। এতে যুবদলের কর্মী মনির উদ্দিন (২০), বেলাল হোসেন (২১), রুবেল হোসেন (২৩) ও আরাফাত উল্লাহ রিতু (২৪) আহত হন। এ সময় ধস্তাধস্তিতে ছাত্রলীগের কর্মী রুবেলও আহত হন।ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।