সোনাগাজীতে বিএনপির সভাকে কেন্দ্র করে গুলি-বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর জমাদার বাজারে গত শনিবার রাতে বিএনপির একটি সভাকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুলির শব্দ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার রাত আটটার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে স্থানীয় বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়। চর চান্দিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সভায় সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, যুবদলের নেতা আবুল মোবারক ওরফে ভিপি দুলাল, মঙ্গলকান্দি ইউপির চেয়ারম্যান দাউদুল ইসলাম ওরফে মিনারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি সোনাগাজীতে সন্ত্রাসীদের হাতে নিহত যুবদলের নেতা আবদুর রহমান ওরফে সন্দ্বীপি মানিক হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়। সোনাগাজী থানা-পুলিশ জানায়, স্থানীয় জমাদার বাজারে কিছুসংখ্যক সন্ত্রাসী জড়ো হয়ে সভা করছে মর্মে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশ বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ও সভা দেখে সেখান থেকে ফিরে যায়। সভা শেষ হওয়ার পরপরই সভাস্থলের পাশে ১০-১২টি ককটেল বিস্ফোরিত হয় এবং বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, নিহত যুবদলের নেতা সন্দ্বীপি মানিকের দায়িত্ব বা স্থলাভিশিক্ত কে হবেন, তা নিয়ে বিরোধ দেখা দেয়। মূলত এ দায়িত্বভার প্রদানকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বোমাবাজি ও গুলি চলে। সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে সভা শেষ হওয়ার পর প্রতিপক্ষের লোকজন বিএনপির ওপর দোষারোপ করার জন্য বোমা ফাটায়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল জানান, বিএনপির সভা শেষে কারা বোমা বিস্ফোরণ ও গুলি ছুড়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।