ফেনীর সোনাগাজীতে বিমানবন্দর নির্মাণের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে এখন যে উন্নয়নের জোয়ার চলছে, তা তাঁর দীর্ঘ চাকরিজীবনে দেখেননি। এই উন্নয়ন সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
গতকাল বুধবার সন্ধ্যায় ফেনীতে এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রসচিব এ কথা বলেন। তাঁর বাড়িও ফেনীতে।
শহরের কলেজ রেডের পৌরসভা চত্বরে নাগরিক ফোরাম আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ অধ্যাপক তায়বুল হক। শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পারভীন আকতার, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি শহিদ উদ্দন আহমেদ, ফেনীর সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজি আলা উদ্দিন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর ও ক্যাপ্টেন (অব.) মঈন উদ্দিন আহমেদ।