সোনাগাজীতে বেশির ভাগ আশ্রয়কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলার ৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের বেশির ভাগই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত এক বছরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র নদীগর্ভে নিলীন হয়ে গেছে। আরও একটি আশ্রয়কেন্দ্র নদীগর্ভে বিলীন হওয়ার পথে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভা এলাকায় চারটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মধ্যে তিনটি, চরমজলিশপুর ইউনিয়নের দুটির মধ্যে একটি, মঙ্গলকান্দি ইউনিয়নের তিনটির মধ্যে দুটি, মতিগঞ্জ ইউনিয়নের দুটি, চরদরবেশ ইউনিয়নে ১২টির মধ্যে সাতটি, চরচান্দিয়া ইউনিয়নের ১৪টির মধ্যে আটটি, সদর ইউনিয়নের আটটির মধ্যে চারটি, আমিরাবাদ ইউনিয়নের ১১টির মধ্যে ছয়টি, নবাবপুর ইউনিয়নের চারটির মধ্যে তিনটি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।চরখোন্দকার গ্রামের আবদুস শুক্কুর ও নির্মল জলদাস বলেন, এলাকার আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগের সময় সচ্ছল লোকদের ঘরে আশ্রয় নিতে হয়। উপজেলার উপকূলীয় চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন খোকন জানান, চরচান্দিয়া ইউনিয়নের বেশির ভাগ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে এলাকার জনসাধারণকে নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বেশির ভাগ আশ্রয়কেন্দ্র এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।আশ্রয়কেন্দ্র মেরামতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ অনেকটা নিয়মিত ব্যাপার। এ কারণে আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের জন্য মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে।সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড. এম. কামরুল আনাম জানান, ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলো মেরামত বা সংস্কারের পাশাপাশি আরও নতুন কিছু ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। কারণ, সোনাগাজীর চরাঞ্চলে আগের তুলনায় লোকবসতি এখন অনেক বেড়েছে।