সোনাগাজীতে ব্যবসায়ী অপহরণ, পরে উদ্ধার
ফেনীর সোনাগাজী উপজেলার ভূঞারহাট বাজারের ব্যবসায়ী আবদুল খালেককে (২৪) অপহরণের সাড়ে সাত ঘণ্টা পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।পুলিশ ও এলাকাবাসী সূত্রগুলো জানায়, ভূঞারহাট বাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আবদুল খালেককে গতকাল বুধবার সকালে বাশার ও বেলালের নেতৃত্বে পাঁচ-ছয়জন চিহ্নিত জলদস্যু অপহরণ করে বঙ্গোপসাগর উপকূলের দিকে নিয়ে যায়। খালেক ভূঞারহাট বাজারে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবসা করেন। সূত্র জানায়, খালেককে উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে জলদস্যু বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। স্থানীয় লোকজন দুপুরে অপহরণের বিষয়টি সোনাগাজী থানার পুলিশ ও ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষের নজরে আনেন।পুলিশ সূত্র জানায়, খালেককে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন পুলিশ সুপার। পরে পুলিশের তৎপরতার মুখে বিকেল সাড়ে পাঁচটার দিকে খালেককে চর চান্দিয়া নবূউল্লাহ বেড়িবাঁধের পাশে ছেড়ে দেয় জলদস্যুরা।সোনাগাজী থানার ওসি মো. খুরশিদ আলম অপহূত ব্যবসায়ী খালেক উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।