সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
ফেনীর সোনাগাজীতে অর্পিতা এমরান নূপুর নামের এক মাদ্রাসাছাত্রী গতকাল সোমবার মাদ্রাসার একটি কক্ষে আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর স্বজন ও পুলিশ এ কথা জানিয়েছে।অর্পিতা এমরান সোনাগাজী পৌর এলাকার দারুল নাজাত হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর আবাসিক ছাত্রী। সে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের মো. এমরানের মেয়ে। সোনাগাজী থানার পুলিশ অর্পিতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মাদ্রাসার শিক্ষকদের বরাত দিয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল বলেন, গতকাল সকালে অর্পিতা মাদ্রাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুতে মো. এমরান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অর্পিতার ফুফু রুচিয়া বেগম বলেন, মাদ্রাসার এক শিক্ষক উত্ত্যক্ত করায় সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে বক্তব্য জানতে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মাজেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ওসি সুভাষ চন্দ্র পাল বলেন, শিক্ষকের উত্ত্যক্ত করার কথা তাঁরাও শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।