সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীর লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাকক্ষে আত্মহত্যা করা ছাত্রী অর্পিতা এমরান নূপুরের লাশ গতকাল মঙ্গলবার বিকেলে চর গণেশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় গ্রামের বিক্ষুব্ধ নারী- পুরুষ মাদ্রাসায় হামলা করে এবং মাঈন উদ্দিন (৩৫) নামে একজন শিক্ষককে পিটিয়ে আহত করেছে।তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনাগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।গত সোমবার সকালে সোনাগাজী পৌর এলাকার দারুল নাজাত হজরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি কক্ষে অর্পিতা এমরান নূপুর (১৩) নামে চতুর্থ শ্রেণীর একজন আবাসিক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই ছাত্রীর ফুফু রুচিয়া বেগম অভিযোগ করেন, মাদ্রাসার এক শিক্ষক তাঁকে নিয়মিত উত্ত্যক্ত করতেন। ওই শিক্ষকের কারণেই সে আত্মহত্যা করেছে। এ ছাড়া ওই মাদ্রসার অন্য শিক্ষকের বিরুদ্ধেও ছাত্রীদের একই ধরনের অভিযোগ ছিল।এলাকাবাসী জানায়, গত সোমবার ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পর থেকে শিক্ষকেরা মাদ্রাসা থেকে চলে যান। গতকাল মঙ্গলবারও কেউ মাদ্রাসায় যাননি। বিকেলে গ্রামের লোকজনের হামলার সময় মাঈন উদ্দিন নামে ওই শিক্ষক হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে পিটুনির শিকার হয়। এদিকে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের মেয়েদের মাদ্রাসার ছাত্রবাস থেকে গত সোমবার বিকেলে থেকে নিয়ে যেতে শুরু করেছে। মাদ্রাসা পরিচালনা পর্যদের সম্পাদক মফিজুল হক জানান, উত্তেজিত লোকজনের হাতে একজন শিক্ষক আহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে কয়েক দিনের জন্য মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস চন্দ্র পাল জানান, ওই ছাত্রীর আত্মতহ্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তিনি জানান, বিকেলে এলাকাবাসীর হাতে একজন শিক্ষক আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।