সোনাগাজীতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হাসেমের (৬০) ঝুলন্ত লাশ তাঁর বাড়ির কাছের একটি গাছ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হাসেম গত বুধবার বিকেলে সোনাগাজীর মুক্তিযোদ্ধা সংসদের সভায় যোগ দেন। সভাশেষে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি আমগাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।আবুল হাসেমের স্ত্রী বিবি আয়েশা প্রথম আলোকে জানান, একই বাড়ির একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর বিরোধ চলে আসছিল। এর আগেও তাঁর স্বামীকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। এরই জের ধরে গতকাল বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁর স্বামীকে হত্যা করে। সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাসান জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনাকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।