সোনাগাজীতে মেলা বন্ধ করে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে গত শুক্রবার রাতে ফেনীর সোনাগাজীতে একটি বৈশাখী মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে উপজেলার কাশ্মীর বাজার এলাকায় গত পয়লা বৈশাখ থেকে বৈশাখী মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন সাত দিন মেলা চালানোর অনুমতি দেয়। কিন্তু মেলা শুরুর দিন থেকে প্রকাশ্যে জুয়া এবং যাত্রার নামে অশ্লীল নৃত্য শুরু করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পেয়ে গত শুক্রবার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুর রহমান ও তন্ময় ইসলামের নেতৃত্বে পুলিশ মেলার প্যান্ডেল গুঁড়িয়ে দিয়ে মেলা বন্ধ করে দেয়। মো. ইসমাইল হোসেন মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ অস্বীকার করেছেন।
ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার সোনাগাজীতে মেলা বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন।