সোনাগাজীতে মৎস্যজীবী হত্যা গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রকল্প এলাকার মৎস্যজীবী মো. ফারুক মিয়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।প্রসঙ্গত, শুক্রবার সোনাগাজী থানার পুলিশ ফারুক মিয়ার (২৯) লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর স্ত্রী বিবি হাজেরা শুক্রবার রাতে কারও নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামের ফারুক মিয়া বাড়ির পাশে ফেনী নদীর মুহুরী প্রকল্প এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার রাতে মাছ ধরার জন্য বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন নদীর পাড়ে জাল পেঁচানো অবস্থায় তাঁর লাশ দেখতে পায়। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে ফারুক মিয়ার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।ফারুক মিয়ার বড় ভাইয়ের অভিযোগ, নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় সোনাগাজী থানার পুলিশ চর সোনাপুর গ্রামের কামাল উদ্দিন ওরফে ফকির বলী (৪৫) ও শেখ ফরিদ (২৬) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, ফারুক মিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।