সোনাগাজীতে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত বৃহস্পতিবার রাতে আবদুর রহমান ওরফে সন্দ্বিপী মানিক (৪৫) নামে যুবদলের এক নেতাকে সন্ত্রাসীরা ধরে নিয়ে উপর্যুপরি গুলি করে এবং নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তিনি উপজেলার চর দরবেশ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহমান পশ্চিম-দক্ষিণ চর দরবেশ এলাকায় ৮ নম্বর স্লুইসগেটে একটি দোকানে বসা ছিলেন। এ সময় ১৫-২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী দোকানে হানা দিয়ে অস্ত্রের মুখে তাঁকে ধরে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী নামারচর এলাকায় ফকির ব্যাপারীবাড়ির সামনে নিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৮-১০টি গুলি করে এবং উপর্যুপরী এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর লাশ ফেলে চলে যায়।স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সোনাগাজী থানা-পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানান, স্থানীয় যুবলীগ ক্যাডার মিন্টু বাহিনীর সঙ্গে দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য নিয়ে যুবদল নেতা মানিক ও তাঁর সমর্থকদের বিরোধ চলে আসছিল। গতকাল ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনেরা লাশ নিয়ে যায় এবং নিজ গ্রামে কবর দেওয়া হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেনের ভাষ্যমতে, আবদুর রহমান একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস চাঁদাবাজিসহ সাতটি মামলা ছাড়াও অনেক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন খুুঁজছিল। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি।