সোনাগাজীতে যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম
ফেনীর সোনাগাজীতে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা গবিধন মিয়া নামে যুবলীগের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের গবিধন মিয়াকে (৩৮) গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চার-পাঁচজন দুর্বৃত্ত বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
গতকাল শনিবার সকালে গ্রামের লোকজন বাড়ির পাশে তাঁতিপুকুর পাড়ে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁরা গবিধন মিয়াকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে সকালেই তাঁকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল আরেফিন জানান, গবিধন মিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছারোয়ার জাহান জানান, গবিধন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। আঘাতের কারণে তাঁর ডান চোখের অবস্থাও ভালো নয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, তিনি গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি শুনেছেন।