সোনাগাজীতে যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
ফেনীর সোনাগাজীতে গত বৃহস্পতিবার রাতে শেখ ফরিদ ওরফে দরদী নামে এক যুবলীগ নেতার বাড়ি থেকে পুলিশ একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অস্ত্র মামলা রজু করেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের অধিবাসী ও ইউনিয়ন যুবলীগের সদস্য শেখ ফরিদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পুলিশ তাঁর ঘর তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় সোনাগাজী থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক রূপক কান্তি চৌধুরী বাদী হয়ে শেখ ফরিদকে পলাতক দেখিয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে।ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল জানান, শেখ ফরিদ যুবলীগের সদস্য নন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন অস্ত্র উদ্ধার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, শেখ ফরিদ একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাস ও চাঁদাবাজির তিন-চারটি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে।