সোনাগাজীতে যুবলীগের নেতাকে পিটিয়ে আহত
ফেনীর সোনাগাজীতে গতকাল শুক্রবার বিকেলে শেখ জাবেদ হোসেন (২৪) নামের যুবলীগের এক নেতাকে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।তাঁকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে সোনাগাজী উপজেলার পালগিরি গ্রামের কবির আহমঞ্চদের ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ হোসেন ব্যক্তিগত কাজে সোনাগাজী উপজেলা সদরে যান। এ সময় পূর্ববিরোধের জের ধরে স্থানীয় যুবদলের কর্মী সাইফুল, মোশারফ ও ইকবাল তাঁকে একা পেয়ে জোরপূর্বক ধরে পাশের ইসমাইল মুহুরী খালের পাড়ে নিয়ে যান। সেখানে তাঁকে বেধড়ক পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয়। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে স্থানীয় যুবদলের কর্মী সাইফুল, মোশারফ, ইকবালসহ পাঁচজনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস চন্দ্র পাল যুবলীগের নেতার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।