সোনাগাজীতে যুবলীগের হামলায় বিএনপির ১২ নেতা-কর্মী আহত
ফেনীর সোনাগাজীতে শনিবার রাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে এসে যুবলীগের কর্মীদের হামলায় উপজেলা বিএনপি ও যুবদলের ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সোয়া ১২টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য মুহম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের নবনির্মিত শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল আবসার, যুবলীগের কর্মী আবদুল হালিম, শাহজাহান, সবুজ, নিজাম, রহিম, জামাই ফকির ও মজিবের নেতৃত্বে যুবলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে দুলাল, উপজেলা যুবদলের সদস্য ইউ এস দুলাল, এনাম, আরিফ, মকবুল, সিরাজুল হকসহ ১০-১২ জন আহত হন। এঁদের মধ্যে দুলালকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যুবলীগের কর্মীরা শহীদ মিনারে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর দেওয়া ফুলের মালা ছিঁড়ে রাস্তায় ফেলে দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, বিনা উস্কানিতে যুবলীগের কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন বলেন, ‘উচ্ছৃঙ্খল একদল যুবক এ ঘটনা ঘটিয়েছে। এদের সঙ্গে যুবলীগের কোনো সম্পর্ক নেই।’