সোনাগাজীতে শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মারধর
ফেনীর সোনাগাজী উপজেলার মানুমিয়ার হাট এলাকার হাজী রহিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত ও শিক্ষার্থীদের মারধর করেছে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের অস্থায়ী (অ্যাডহক) কমিটিতে দুই ব্যক্তিকে না রাখায় এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, মেজবাহ উদ্দিন ওরফে ব্যারিস্টার ও মোশারফ হোসেন নামের স্থানীয় দুই যুবক হাজী রহিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু প্রধান শিক্ষক তাঁদের নাম অন্তর্ভুক্ত করেননি। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে তিন-চার দিন ধরে প্রধান শিক্ষককে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এতেও কাজ না হওয়ায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেজবাহ ও মোশারফ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও জ্যেষ্ঠ শিক্ষক আবুল বাশারকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই দুজনকে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। বেলা দেড়টার দিকে তাঁরা দলবলসহ ফিরে এসে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বিদ্যালয়ের কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কামরুন নাহার (ষষ্ঠ শ্রেণী), রিংকু রানী দাস (দশম শ্রেণী), রফিকুল ইসলাম (অষ্টম শ্রেণী), মোশারফ হোসেন (অষ্টম শ্রেণী), শেখ রাসেল ও মিজানুর রহমান (অষ্টম শ্রেণী), হাবিবুর রহমান (নবম শ্রেণী), একরামুল হক ও এনামুল হকের (সপ্তম শ্রেণী) নাম জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল্লাহ নূরী ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের লিখিত অভিযোগ নেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে পাঠাতে বলেছে। এ খবর জানার পর মেজবাহ ও মোশারফ তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একপর্যায়ে তাঁরা চাপ সৃষ্টি করতে শুরু করেন। সর্বশেষ গতকাল তাঁরা দুই দফা বিদ্যালয়ে হামলা ও শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, মেজবাহ ও মোশারফ এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁরা নিজেদের যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দেন।সোনাগাজী উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল আফসার প্রথম আলোকে বলেন, মেজবাহ ও মোশারফ নিজেদের যুবলীগের কর্মী পরিচয় দিলেও তাঁরা যুবলীগের সদস্য নন।