সোনাগাজীতে শিশুকে শ্বাসরোধে হত্যা!
ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে শেখ রাসেল মারুফ নামের ১৬ মাসের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর মা ও নানাকে অভিযুক্ত করে তার বাবা শেখ ফরিদ সোনাগাজী থানায় লিখিত অভিযোগ (এজাহার) দিয়েছেন। পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, সকালে উপজেলার চর সাহাভিখারী গ্রামে নানার বাড়িতে রাসেলকে শ্বাসরোধে হত্যা করা হয়। প্রায় চার বছর আগে চর সাহাভিখারী গ্রামের শেখ ফরিদের সঙ্গে একই গ্রামের আকলিমা আক্তারের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে কয়েক মাস ধরে আকলিমা তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বেশ কয়েকবার শেখ ফরিদ তাঁর ছেলেকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান। কিন্তু শিশুর মা ও নানা এতে বাধা দেন। গতকাল সকালে তিনি খবর পান, তাঁর ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।এদিকে রাসেলের মা আকলিমাও তাঁর ছেলের রহস্যজনক মৃত্যুতে সোনাগাজী থানায় অপমৃত্যুর মামলা করেছেন। সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।