সোনাগাজীতে শিয়ালের কামড়ে আহত ৮
নিশাচর একটি পাগলা শিয়াল দিনের বেলায় লোকালয়ে ঢুকে এলোপাতাড়ি কামড় দিয়ে ছয় মহিলাসহ আটজনকে আহত করেছে। গত বুধবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম ও বড় হালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে উপজেলার আড়কাইম গ্রামের লোকজন একটি শিয়াল দেখতে পেয়ে ধাওয়া করতে এগিয়ে আসে। এ সময় শিয়ালটি আড়কাইম গ্রামের রহিমা আক্তার, নেয়ামত উল্লাহ, শরিফা খাতুন, রোকেয়া বেগম, মনোয়ারা বেগম; বড়হালিয়া গ্রামের আঞ্জুমান আরা ও হামিদুল হককে কামড় দেয়। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। ওই পাগলা শিয়াল এলাকায় নয়টি গরুকেও কামড়ে আহত করে। আহত ব্যক্তিদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গরুগুলোকে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছারোয়ার জাহান জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।