সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় আহত ১৫ দোকান লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া ধান গবেষণা এলাকায় গত রোববার রাতে আবুল কাশেম নামের এক ব্যবসায়ীর দোকানে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আবুল কাশেমসহ অন্তত ১৫ জন আহত হন। দোকানমালিক আবুল কাশেম অভিযোগ করেন, রোববার রাত আনুমানিক নয়টায় স্থানীয় আফসারের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর মুদি ও স্টেশনারি দোকানে হামলা করে এবং তাঁকেসহ উপস্থিত সবাইকে পিটিয়ে আহত করে। দুর্বৃত্তরা যাওয়ার সময় তাঁর দোকান থেকে নগদ টাকা, চাল-ডালসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের মধ্যে দোকানমালিক আবুল কাশেমকে ফেনী সদর হাসপাতাল এবং বেলায়েত হোসেন, আবু তাহের, আবুল হাসেম, জয়নাল আবদীন, তাজুল ইসলাম, নুরুল আমিন, হারুন ও হেলালকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আফসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।