সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় জলদস্যু আহত
ফেনীর সোনাগাজীর উপকূলীয় দক্ষিণ চর সাহাভিখারী গ্রামে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় জসিম উদ্দিন (৪০) নামে জলদস্যু বাহিনীর এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে চর সাহাভিখারী গ্রামের চান মিয়ার দোকান হিসেবে পরিচিত এলাকায় পূর্ববিরোধের জের ধরে জলদস্যু বাহিনীর সদস্য জসিম উদ্দিনকে একা পেয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে তাঁর অন্য সহযোগীরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় জলদস্যু বাহিনী নিজেদের আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিছুদিন আগে জসিম উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের প্রতিপক্ষ অপর জলদস্যু বাহিনীর সদস্য মো. মোস্তফাকে কুপিয়ে আহত করেছিল। ওই ঘটনার জের ধরেই গত বৃহস্পতিবার রাতে জসিম উদ্দিনের ওপর এ হামলার ঘটনাটি ঘটেছে। সোনাগাজী থানার ওসি আবু জাফর মো. ছালেহ জানান, ঘটনাটি পুলিশ শুনেছে।