সোনাগাজীতে সেলিম আল দীন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি হাইস্কুল মাঠে তিন দিনব্যাপী সেলিম আল দীন মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। সেলিম আল দীনের নিজ গ্রাম সোনাগাজীর সেনেরখিল। তিনি লেখাপড়া করেছেন বাড়ির পাশের মঙ্গলকান্দি হাইস্কুলে। শৈশবের স্মৃতিঘেরা এই স্কুল মাঠেই আয়োজন করা হয়েছে মেলার। মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সব বয়সী মানুষের কাছে এটি মিলমেলায় পরিণত হয়েছে।অভিনয় শিল্পী রোকেয়া প্রাচীর উপস্থাপনায় ও জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বঙ্গবন্ধু আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন প্রমুখ। বক্তারা সেলিম আল দীনের নাট্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেলিম আল দীন বাংলা নাটককে আধুনিক রূপ দিয়েছেন। বিদেশে সাতটি ভাষায় তাঁর নাটক অনূদিত হয়েছে। বক্তারা প্রতি বছর সেলিম আল দীনের গ্রামে তাঁর নামে মেলা আয়োজনের দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রামাণ্যচিত্র ধ্রুবতারার নকশীকাঁথা এবং রাতে ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন ও সঙযাত্রা প্রদর্শন করা হয়।