সোনাগাজীতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ১
ফেনীর সোনাগাজীতে একজন স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সোহবার উদ্দিন (৩২) নামের এক বখাটেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়।পুলিশ জানায়, সোনাগাজী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাখরিয়া গ্রামের অধিবাসী অষ্টম শ্রেণীর এক ছাত্রী ১৯ আগস্ট রাতে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিল। এ সময় একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিনের ছোট ভাই সোহরাব উদ্দিন সেখানে ঢুকে মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে সোহরাব পালিয়ে যান। এ ঘটনায় কাউন্সিলরের কাছে বিচার চাওয়া হলে তিনি থানার পুলিশকে বিষয়টি জানালে বা মামলা করলে পরিণতি খারাপ হবে বলে উল্টো হুমকি দেন। বিচার না পেয়ে গতকাল কিশোরীর মা সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এতে যৌন হয়রানির অভিযোগে সোহরাব এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ও হুমকির অভিযোগে কাউন্সিলর গিয়াসকে আসামি করা হয়। পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. নুরনবী লিটন বলেন, ‘কাউন্সিলর গিয়াসের ভাই সোহরাব ঘটনার জন্য দায়ী, সেটা আমরা জানি। কিন্তু কাউন্সিলরের হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি আমরা জানি না।’সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম জানান, প্রধান আসামি সোহরাবকে গ্রেপ্তার করে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে, তবে তাঁর ভাই কাউন্সিলর গিয়াস পলাতক রয়েছেন।