সোনাগাজীতে স্কুল শিক্ষিকাকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর মজিলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকার নয় মাসের দুটি যমজ সন্তান রয়েছে। গত মঙ্গলবার তিনি তাঁর এক সন্তানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান। বেলা ১১টার দিকে মামুন নামের এক যুবককে সঙ্গে নিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বিদ্যালয়ে যান। সেখানে শিশুটিকে দেখে তিনি ক্ষিপ্ত হন এবং গালাগাল শুরু করেন। একপর্যায়ে তিনি এবং মামুন ওই শিক্ষিকাকে মারধর শুরু করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য শিক্ষকেরা এসে শিক্ষিকাকে উদ্ধার করেন। এ ব্যাপারে ওই শিক্ষিকা গতকাল সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল্লাহ নূরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগের ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটির সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সোনাগাজীর ইউএনও মো. নুরুল্লাহ নূরী বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।