সোনাগাজীতে স্ত্রী ও তিন ছেলের হাতে প্রবাসী খুনের অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রাম থেকে সাইদুল্লাহ ওরফে ছাদু (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও তিন ছেলের হাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির স্ত্রী ও ছেলেরা পলাতক।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫-১৬ বছর আবুধাবিতে থেকে এক বছর আগে সাইদুল্লাহ দেশে ফেরেন। বাড়ি ফেরার পর বিদেশ থেকে পাঠানো অর্থের হিসাব নিয়ে সাইদুল্লাহর সঙ্গে প্রায়ই তাঁর স্ত্রী ও তিন ছেলের ঝগড়া হতো। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। গত শনিবার বিকেলে স্ত্রী ও ছেলেদের সঙ্গে তাঁর আবার বাগিবতণ্ডা হয়।নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. শহিদুল্লাহ অভিযোগ করেন, শনিবার ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ও তিন ছেলে সাইদুল্লাহকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁরা লাশ বাড়ির পাশের সেফটি ট্যাংকে ফেলে দেন। শহিদুল্লাহ জানান, রোববার সকালে সাইদুল্লাহকে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় সাইদুল্লাহর স্ত্রী অজিফা খাতুন, তিন ছেলে দেলোয়ার (২৫), জাহাঙ্গীর (২৩) ও টিপুর (২০) কাছে তাঁর ব্যাপারে জানতে চাইলে তাঁরা ভিন্ন ভিন্ন উত্তর দেন। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি সোনাগাজী থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে গ্রামবাসীর সহায়তায় সেফটি ট্যাংক থেকে সাইদুল্লাহর লাশ উদ্ধার করে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির বোন বিবি জোলেখা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।