সোনাগাজীতে সড়কের কাজ বন্ধ করে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে নিম্নমানের কাজের অভিযোগে গতকাল সোমবার নাট্যাচার্য সেলিম আল দীনের নামে একটি সড়কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ।এলাকাবাসী ও সোনাগাজী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, চলতি অর্থবছরে সোনাগাজী উপজেলার চর দরবেশ ও মঙ্গলকান্দি ইউনিয়নের সীমানায় নাট্যাচার্য সেলিম আল দীনের নামে একটি সড়কের নামকরণ করা হয় এবং এক কিলোমিটার সড়ক পাকা করার জন্য দরপত্র আহ্বান করা হয়। মেসার্স রফিকুল হক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। তারা শুরু থেকে ইট ও পাথরসহ অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে থাকে। এলাকাবাসী বারবার প্রতিবাদ করেও কোনো ফল না পেয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে বিষয়টি জানায়। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকৌশলী সরেজমিনে ওই সড়কের নির্মাণকাজ দেখতে যান এবং অভিযোগের সত্যতা পেয়ে ঠিকাদারকে লিখিতভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশ উপেক্ষা করে ঠিকাদারের লোকজন গতকাল সকাল থেকে আবারও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ করতে বাধ্য করে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়ে তিনি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নিতে বলেছেন।