সোনাগাজীতে হট্টগোলের মধ্য দিয়ে আ.লীগের সদস্য সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত আওয়ামী লীগের সভায় হই-হট্টগোলের মধ্য দিয়ে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।সভাসূত্রে জানা যায়, গতকাল বিকেলে সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। সভায় ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী এবং দলটির জেলা ভারপ্রাপ্ত সম্পাদক ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত ছিলেন। দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সভা শুরুর কিছু পরই হট্টগোল শুরু করেন জেলা যুবলীগ সদস্য ও সোনাগাজী পৌর কাউন্সিলর শেখ মামুন এবং জেদ্দা আওয়ামী লীগের সভাপতি দাবিদার রহিম উল্লাহসহ তাঁদের কিছু অনুসারী। বাগিবতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি। এ সময় নেতাদের উদ্দেশে নানা গালাগালও করা হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সভার কার্যক্রম শুরু হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেড এম কামরুল আলমের সভাপতিত্বে সভায় আজিজ আহম্মদ চৌধুরী আক্ষেপ করে বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দিন চোর উপাধি পাইনি, সোনাগাজীতে তা পেলাম। ভবিষ্যতে যাঁরা এ ধরনের বিশৃঙ্খলা ও হট্টগোল করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ হট্টগোল ও গালাগাল করা প্রসঙ্গে জানতে চাইলে জেলা যুবলীগের সদস্য শেখ মামুন বলেন, ত্যাগী নেতা-কর্মীদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় না। যাঁরা দলে কোনো কাজ করেন না, তাঁরাই নেতা সেজে বসে আছেন। তিনি বর্তমান উপজেলা কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন, রফিকুল ইসলাম, গোলাম মাওলা, মুক্তিযোদ্ধা কমান্ডার নাসির উদ্দিন, ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন প্রমুখ।