ফেনীর সোনাগাজীতে গত সোমবার যুবদলের ডাকা হরতালের সময় তিন পুলিশ সদস্য আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা যুবদল ও ছাত্রদলের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।ইতিমধ্যে পুলিশ এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সরকারি দায়িত্ব পালনকালে কিছু উচ্ছৃঙ্খল লোক বেআইনিভাবে সংগঠিত হয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান এবং পুলিশের প্রতি ইটপাটকেল, ককটেল বোমা নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ সময় সোনাগাজী মডেল থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়া, কনস্টেবল অমল ভৌমিক ও জানে আলম আহত হন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়া বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ ও ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা যুবদলের সভাপতি সিরাজুল হক, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সোনাগাজী পৌর ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন, যুবদল ও ছাত্রদল কর্মী গিয়াস উদ্দিন, জুয়েল, আবুল কাশেম, ইমাম হোসেন, মো. ফারুক, মালেক, মাঈন উদ্দিন, মেজবাহ, সোহেল, আফসার, রানা, খায়েজ আহমঞ্চদসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন পুলিশ আহতের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার হরতাল চলাকালে যুবদল-ছাত্রদল সমর্থক পিকেটারদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং গুলি ছোড়ে। পুলিশও পিকেটারদের ছত্রভঙ্গ করতে ৪৭টি কাঁদানে গ্যাসের শেল এবং ১২০টি রাবার বুলেট ছোড়ে। এ সময় তিনজন পুলিশ আহত হন। প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে আটটার দিকে সোনাগাজী উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞা একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরার পথে সন্ত্রাসীরা পথিমধ্যে তাঁর ওপর হামলা ও এলোপাতাড়ি পিটিয়ে-কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনার প্রতিবাদে সোনাগাজী উপজেলা যুবদল গত মঙ্গলবার সোনাগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।