সোনাগাজীতে ৫০টি মহিষ লুট
ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় চর চান্দিয়া ইউনিয়নের চর আবদুল্লাহ (আবুল্লার চর) গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে দুর্বৃত্তরা অন্তত ৫০টি মহিষ লুট করে নিয়ে গেছে। পুলিশ ও খামার-মালিক সূত্র জানায়, গতকাল সকালে একদল অস্ত্রধারী জলদস্যু ট্রলারে করে এসে চর আবদুল্লাহ গ্রামে হানা দেয়। দস্যুরা রাখালদের অস্ত্রের মুখে জিম্মি করে ইমাম হোসেনের খামার থেকে ১৫টি, সাহাব উদ্দিনের খামার থেকে ১৩টি, মোশারফ হোসেনের খামার থেকে নয়টি, মশিউর রহমানের খামার থেকে আটটি এবং অন্যান্য খামার থেকে কমপক্ষে পাঁচটি মহিষ লুট করে নিয়ে যায়। খামার-মালিক মশিউর রহমান বলেন, গত তিন মাসে চরের খামারগুলো থেকে জলদস্যুরা অন্তত ৫০০ গরু-মহিষ ও ভেড়া লুট করে নিয়ে গেছে। চর চান্দিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সামসুদ্দিন বলেন, তিনি চর এলাকা থেকে মহিষ লুটের কথা শুনেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, তিনি দুর্গম চরাঞ্চলের খামার থেকে মহিষ লুটের কথা শুনেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।