সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যুপ্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গত বুধবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধান ও স্থানীয় যুবলীগের নেতা আনোয়ার হোসেন ওরফে মিন্টু (৩৭) নিহত হয়েছেন। তিনি সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের বুঞার বাজারসংলগ্ন বড় মাঝি বাড়ির আবুল কালামের ছেলে।র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জলদস্যু বাহিনীর প্রধান আনোয়ার হোসেন এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত হন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়েন। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করেন। এতে আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাকীবুল আমিনসহ চারজন আহত হন।আহত অন্যরা হলেন উপপরিদর্শক (এসআই) রমিজ আহম্মদ, উপপরিদর্শক (এসআই) মাহবুবল কবির ও কনস্টেবল আল মামুন। এ সময় র‌্যাব আনোয়ার হোসেনের দুই সহযোগী নুর করিম (৩২) ও নাজমুল হক ওরফে নয়নকে (৩৫) গ্রেপ্তার করে। মিন্টু বাহিনীর সদস্যরা পরে ইসমাইল হোসেন (৩০) নামের এক ট্যাক্সিচালককে পিটিয়ে আহত করেন। তাঁকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনাগাজী থানার পুলিশ জানায়, নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতিসহ ১০-১২টি মামলা বিচারাধীন ছাড়াও বহু অভিযোগ ছিল। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, পুলিশ আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।