সোনাগাজীর চর থেকে অর্ধশতাধিক গরু লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার সমুদ্র উপকূলীয় চর চান্দিয়া ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে জলদস্যুরা বিভিন্ন খামারে হানা দিয়ে অর্ধশতাধিক গরু লুট করে দুটি ট্রলারে তুলে নিয়ে গেছে।খামারের মালিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর চর আবদুল্লাহ গ্রামে ১৫-১৬ জনের একদল অস্ত্রধারী জলদস্যু ট্রলারযোগে হানা দেয়। জলদস্যুরা বিভিন্ন খামারে হানা দিয়ে অস্ত্রের মুখে পাহারাদার রাখালদের জিম্মি করে ৫০-৬০টি গরু লুট করে ট্রলারে তুলে উরিরচরের দিকে নিয়ে গেছে।খামারের মালিক হেলাল ভূঁয়া জানান, জলদস্যুরা তাঁর খামার থেকে ১৭টি গরু, ফকির আহম্মদের খামার থেকে ১৪টি, ইমাম হোসেনের খামার থেকে নয়টি গরু ছাড়াও আশপাশের বিভিন্ন খামারের গরুগুলো লুট করে ট্রলারে তুলে নিয়ে গেছে। তিনি এ বিষয়ে সোনাগাজী থানায় লিখিত অভিযোগ করবেন।স্থানীয় চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে সমুদ্র উপকূলীয় চর আবদুল্লাহ থেকে অর্ধশতাধিক গরু লুটের বিষয়টি খামারের মালিকেরা তাঁকে জানিয়েছেন। এলাকাটি দুর্গম চরাঞ্চল হওয়ায় সেখানে জলদস্যুদের ট্রলারযোগে অবাধ যাতায়াত রয়েছে। গত কয়েক মাসে একাধিকবার ওই এলাকা থেকে গরু, মহিষ ও ভেড়া লুটের ঘটনা ঘটেছে। পুলিশকে ওই স্থানে যেতে প্রচুর সময় লাগে। তা ছাড়া যাতায়াতব্যবস্থাও ভালো নয়। ইতিপূর্বে একাধিক উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় কোস্টগার্ডের টহল বাড়ানোর দাবি তোলা হয়েছিল, কিন্তু কাজ হয়নি।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবী হোসেন জানান, তিনি চরাঞ্চল থেকে গরু লুটের বিষয়টি শুনেছেন। তবে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোনো খামারমালিক থানায় অভিযোগ করেননি।