সোনাগাজীর চর থেকে আরও ৮০টি গরু-মহিষ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সমুদ্র উপকূলীয় চর আবদুল্লাহ প্রকাশ আবদুল্লারচর থেকে জলদস্যুরা গতকাল শুক্রবার ভোরে আবারও ৮০টি গরু-মহিষ লুট করে নিয়ে গেছে। পুলিশ ও খামারমালিক সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোরে ১৫-১৬ জনের একদল অস্ত্রধারী জলদস্যু ট্রলার করে আবদুল্লারচরে গিয়ে বিভিন্ন গরু-মহিষের খামারে হানা দেয়। তারা খামারে গিয়ে গরুর রাখালদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে এবং একটির পর একটি খামারে গিয়ে গরু ও মহিষ লুট করে ট্রলারে তুলে নিয়ে যায়।খামারমালিক মশিউর রহমান অভিযোগ করেন, জলদস্যুরা তাঁর খামার থেকে গতকাল তৃতীয় দফায় চারটি মহিষ লুট করে নিয়ে গেছে। এ ছাড়া তারা ইমাম হোসেনের খামার থেকে ১৯টি মহিষ, নুরুল কবিরের খামারের ১৪টি মহিষ, রবিউল হকের সাতটি মহিষ, হাসেম মিয়ার পাঁচটি মহিষ, এনায়েত হোসেনের আটটি গরু, লোকমান হোসেনের চারটি গরু এবং এনামুল হকের তিনটি গরুসহ অন্তত ৮০টি গরু-মহিষ লুট করে ট্রলারে তুলে অন্যত্র নিয়ে গেছে।মশিউর রহমান আরও অভিযোগ করেন, গত তিন মাসে জলদস্যুরা সোনাগাজীর চর আবদুল্লাহ গ্রামের খামারগুলো থেকে প্রায় সাড়ে ৩০০ গরু-মহিষ লুট করে নিয়ে গেছে। এসব গরু-মহিষের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এভাবে চলতে থাকলে খামারমালিকেরা পথে বসা ছাড়া উপায় থাকবে না এবং খামার বন্ধ করে অন্যত্র চলে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, আবদুল্লারচরে ভোরে গরু-মহিষ লুটের খবর শুনে তিনি পুলিশ ফোর্স নিয়ে সেখানে যান এবং জলদস্যুদের ধাওয়া করেন। তবে তাদের ধরতে পারেননি। এ ব্যাপারে খামারমালিকদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।