সোনাগাজীর ফেনী নদীতে ক্লোজার বাঁধ সম্পন্ন
ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বাঁকা নদী সোজাকরণ প্রকল্পের অধীন ক্লোজার বাঁধ অবশেষে সম্পন্ন হয়েছে। গত রোববার এ ক্লোজার বাঁধ নির্মাণের তিন ঘণ্টার মাথায় এটির মাঝের ২০ মিটার প্রবল জোয়ারের পানিতে ভেসে যায়।জানা যায়, সোনাগাজী সদর ইউনিয়নের থাক খোয়াজের লামছি, চর খোন্দকার, চর চান্দিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ফেনী নদীর ভাঙন থেকে রক্ষা করতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁকা নদী সোজা করার দাবি জানিয়ে আসছিল। স্থানীয় লোকজনের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ অবশেষে প্রায় ১০ কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করে। ইতিমধ্যে প্রায় ৪০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। বাকি ছিল শুধু চূড়ান্ত পর্বের ২০ মিটার বাঁধ নির্মাণ।সূত্র জানায়, গত রোববার সব প্রস্তুতি শেষে ভোর থেকে আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজে নামেন। বিকেল সাড়ে তিনটার মধ্যে ক্লোজার বাঁধের শেষ ২০ মিটার নির্মাণকাজ শেষ হয়। কিন্তু ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রবল জোয়ারের পানিতে নবনির্মিত ক্লোজার বাঁধটি ভেসে যায়।গত বুধবার সকাল থেকে আবার ক্লোজার বাঁধটি নির্মাণ শুরু হয় এবং বিকেলে ক্লোজার বাঁধ নির্মাণের কাজ সমাপ্ত হয়।