সোনাগাজীর সেই বিদ্যালয়ে পাঠদান শুরু
ফেনীর সোনাগাজী উপজেলার মানুমিয়ার হাট এলাকার হাজী রহিম উল্লাহ উচ্চবিদ্যালয়ে পাঠদান আবার শুরু হয়েছে। গত বুধবার দুর্বৃত্তরা শিক্ষকদের লাঞ্ছিত ও শিক্ষার্থীদের মারধর করার পর থেকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল। প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের আশ্বাসের পর শিক্ষকেরা পাঠদান শুরু করেন।উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে স্থানীয় দুই যুবককে অন্তর্ভুক্ত না করায় তাঁরা গত বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র সাহা ও জ্যেষ্ঠ শিক্ষক আবুল বাশারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং পরে বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন।দুর্বৃত্তদের অব্যাহত হুমকি ও ভয়ভীতির কারণে গত বৃহস্পতিবার থেকে শিক্ষকেরা বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রোববার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এক সমাবেশ হয়। সমাবেশে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল্লাহ নূরী, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল্লাহ নূরী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দায়িত্ব প্রশাসনের। তবে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি সবার দায়িত্ব।সোনাগাজী থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, ‘আমরা সালিস করতে আসিনি। এলাকাবাসীকে আশ্বস্ত করতে এসেছি। সন্ত্রাসীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’বাচ্চু মিয়া নামের একজন অভিভাবক অভিযোগ করেন, তাঁর ভাই অষ্টম শ্রেণীর ছাত্র। কয়েক দিন ধরে দুর্বৃত্তরা তার হাতে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করার হুমকি দিচ্ছে। তাঁরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।শিক্ষকদের লাঞ্ছিত ও শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারজনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।