সোনাতলায় চিকিৎসকদের কর্মবিরতি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে মারধরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। একই দাবিতে আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদরের মোহাম্মদ আলী হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মবিরতি পালিত হবে। এদিকে চিকিৎসকদের মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের ছোট ভাই আশরাফ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার বালুয়াবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গত মঙ্গলবার রাত ১২টার দিকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর ভর্তি নিয়ে আওয়ামী লীগের নেতা জাকির ও তাঁর লোকজন কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব ও সামিউল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় জাকিরসহ চারজনের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে সোনাতলায় থানায় মামলা করেন চিকিৎসক সাকিব। শনিবারের মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান জেলা বিএমএ এবং সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। নইলে রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী গতকাল সকাল থেকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি শুরু হয়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা সকালে কর্মস্থলে এসে কালো ব্যাজ ধারণ করেন। ওই সময় বহির্বিভাগে অনেক রোগী চিকিৎসার জন্য এলেও তারা চিকিৎসা না পেয়ে ফিরে যায়। সকাল ১০টার দিকে জেলার সিভিল সার্জন খলিলুর রহমান হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে জানান, মামলার প্রধান আসামি আওয়ামী লীগের নেতা জাকির হোসেন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ বলেন, বহির্বিভাগে কোনো কাজ হচ্ছে না। শুধু জরুরি বিভাগসহ অভ্যন্তরীণ বিভাগ চালু আছে।বিএমএ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, প্রধান আসামি জাকির হোসেনকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তার না করলে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।যোগাযোগ করলে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া আশরাফ এজাহারভুক্ত আসামি না হলেও দুই চিকিৎসককে মারধরের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। অন্য আসামিদের অচিরেই গ্রেপ্তার করা হবে।