সোনাতলায় ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়ায় রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি ভটভটির চালক ও তিনজন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই স্থানীয় গরু ব্যবসায়ী। দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনাতলা উপজেলা সদরের গড়চৈতন্যপুর এলাকা থেকে একটি গরু ও ছাগলবোঝাই ভটভটিতে করে সাত-আটজন যাত্রী স্থানীয় সৈয়দ আহম্মদ কলেজ হাটে যাচ্ছিলেন। ভটভটিটি ভেলুরপাড়া রেলক্রসিং পর হওয়ার সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী দোলনচাঁপা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ভটভটিটি ছিটকে রেল লাইনের পাশে কমপক্ষে ৫০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক কাবিলপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৪৫), একই গ্রামের গরু ব্যবসায়ী আবু তাহের (৩৫) ও গড়চৈতন্যপুর গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী (৪০) নিহত হন। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই গ্রামের গরু ব্যবসায়ী ছারোয়ার হোসেন (৪২)। আহতদের মধ্যে দুলু শেখ (৫০) ও আবদুল রাজ্জাককে (৪০) প্রথমে সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর সোনাতলা থানা পুলিশ ও সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। সন্ধ্যা পর্যন্ত রেলওয়ের বোনারপাড়া জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ভেলুরপাড়া স্টেশন মাস্টার আবদুল মোত্তালেব জানান, রেলক্রসিংটি গেটম্যানবিহীন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বগুড়া ও বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
গেটম্যানবিহীন অরক্ষিত ওই রেলক্রসিংটিতে চার বছর আগে একবার ট্রেনের ধাক্কাায় একটি টেম্পুর চার যাত্রী নিহত হয়েছিলেন।