সোনাতলায় প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা প্রকৌশলী টি এম মহব্বত আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকায় স্থানীয় ঠিকাদারেরা তাঁকে অপসারণ করার দাবিও জানিয়েছেন। গত শুক্রবার সোনাতলা বণিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে ঠিকাদার শরিফুল ইসলাম খান লিখিত বক্তব্যে বলেন, উপজেলা প্রকৌশলী টি এম মহব্বত আলম তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ দেন। অন্য ঠিকাদারদের কাছ থেকে কাজের বিল নেওয়ার সময় বিপুল অঙ্কের টাকা নেন। এক সপ্তাহ আগে মেসার্স ফাইভ স্টার এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার এ কে এম আহসানুল হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণকাজের অবশিষ্ট বিল চাইতে গেলে উপজেলা প্রকৌশলী তাঁর কাছে ঈদখরচের জন্য ২৫ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে চলে যেতে বলেন। কয়েক দিন আগে ওই প্রকল্পের কাজের বিপরীতে ১৩ লাখ টাকা আসে। কিন্তু কাউকে না জানিয়ে উপজেলা প্রকৌশলী তাঁর একমাত্র পছন্দের ঠিকাদারকে ১৩ লাখ টাকা দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে ঠিকাদার এ কে এম আহসান হাবীব ২ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাঁর কাজের বিল দাবি করেন। সোনাতলা উপজেলা প্রকৌশলী টি এম মহব্বত আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণ, অনিয়ম ও স্বজনপ্রীতি করার অভিযোগ অস্বীকার করেন।