সোনাদিঘি থেকে 'এনা'র স্থাপনা উচ্ছেদের দাবি

রাজশাহী নগরের সোনাদিঘির ভেতরে সম্প্রসারিত এনা প্রপার্টিজের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল শনিবার রাজশাহীতে মানববন্ধন হয়েছে। এক মাসের মধ্যে এই স্থাপনা সরিয়ে দিঘিকে আগের অবস্থায় ফিরিয়ে না দিলে রাজশাহীর মানুষ নিজেরাই উচ্ছেদ অভিযানে নামবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির উদ্যোগে সোনাদিঘির পাড়ে এই মানববন্ধন করা হয়। এতে ঐতিহ্যবাহী সোনাদিঘি ও ভুবনমোহন পার্ক দখলমুক্ত করাসহ ১০ দফার ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহী নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাহেব বাজার এলাকায় ১ একর ৪৫ শতাংশ আয়তনের জলাশয়টি স্থানীয়ভাবে সোনাদিঘি নামে পরিচিত।
বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি মো. শামসুদ্দিন। বক্তব্য দেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাগমারার সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের সঙ্গে সিটি সেন্টার নির্মাণসহ ঐতিহ্যবাহী সোনাদিঘি সংস্কারের চুক্তি করেছিল রাজশাহী সিটি করপোরেশন। কাজের উদ্বোধনের সময় প্রজেক্টরের মাধ্যমে রাজশাহীর সুধী সমাজকে দেখানো হয়েছিল, সোনাদিঘির মূল কাঠামো ঠিক রেখে এর পাড়ের দোকানপাট উচ্ছেদ করে ‘ওয়াক ওয়ে’ নির্মাণ করা হবে। নগরবাসীর বিনোদনের জন্য দিঘির পাড়ে বসার চেয়ার তৈরি করে দিয়ে এর আগের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। কিন্তু এখন তা না করে দিঘির একাংশ ভরাট করে নিজের দখলে নিয়ে তাতে স্থাপনা নির্মাণ শুরু করা হয়েছে।
বক্তারা বলেন, বিদ্যমান আইনের কারণে রাজশাহী নগরে কেউ ব্যক্তিগত পুকুরও ভরাট করতে পারে না। সেখানে সরকারি পুকুর ভরাট করে কীভাবে এনা প্রপার্টিজ দখলে নিচ্ছে এটা বিস্ময়ের ব্যাপার। তাঁরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে যদি দিঘির ভেতরে স্থাপনা সম্প্রসারণের নকশা করা হয়ে থাকে তাহলে সেই নকশাও অবৈধ। কারণ রাজশাহী নগরের ভেতরে ভূমির শ্রেণি পরিবর্তন করা যায় না। এক মাসের মধ্যে সোনাদিঘিকে দখলমুক্ত করা না হলে রাজশাহীর জনগণ নিজের থেকেই দিঘির ভেতর থেকে এনার স্থাপনা উচ্ছেদ করে দিঘিকে আগের অবস্থায় ফিরে আনার ঘোষণা দেওয়া হয়। তাঁরা একইভাবে ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্কটিও দখলমুক্ত করার দাবি জানান।
২০০৯ সালে এনা প্রোপার্টিজের সঙ্গে ১৬তলা সিটি সেন্টার নির্মাণের চুক্তি হয়। সেই অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সিটি সেন্টারসংলগ্ন সোনাদিঘির সংস্কার করে দেবে, এর পাড়ে একটি মসজিদ, হাঁটার পথ, এমফি থিয়েটার, তথ্যপ্রযুক্তি পাঠাগারও নির্মাণ করে দেবে। এ জন্য সোনাদিঘির পাড়ে দোকানঘরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হবে। গত পাঁচ বছর আগেই সেই কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। এখনো সিটি সেন্টার নির্মাণকাজ শেষ হয়নি। এরই মধ্যে সোনাদিঘির একাংশ দখল করে অন্য একটি মার্কেট নির্মাণকাজ শুরু করা হয়েছে। সেখানে ইতিমধ্যে ১২টি পিলার বসানো হয়েছে।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, নিক্বণ নৃত্যশিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব পান্না, হোটেলমালিক রেস্তোরাঁ সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।