সোনাদিঘির ভেতরে এনার অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ঐতিহ্যবাহী সোনাদিঘি জলাশয়ের ভেতরে অবৈধভাবে ভবন নির্মাণ করছে এনা প্রপার্টিজ। মন্ত্রণালয় থেকে গঠিত একটি তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন।

জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রথম আলোকে বলেন, নগরের ভেতরে কোনো জলাশয় ভরাট করা বেআইনি। তদন্ত প্রতিবেদন তাঁদের হাতে আসেনি। সোনাদিঘির ভেতরে কেউ ঢুকে পড়েছে, তদন্তে এটা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি এই জলাশয়ের ভেতরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না।

রাজশাহী সিটি করপোরেশন সূত্র বলছে, পুরোনো নগর ভবনের জায়গায় ১৬ তলাবিশিষ্ট ‘সিটি সেন্টার’ নির্মাণের জন্য তাদের সঙ্গে ২০০৯ সালে এনা প্রপার্টিজের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, নির্মাতাপ্রতিষ্ঠান সিটি সেন্টারসংলগ্ন সরকারি জলাশয় সোনাদিঘি সংস্কার করে দেবে। এ ছাড়া দিঘির পাড়ে একটি মসজিদ, হাঁটার পথ, অ্যাম্ফিথিয়েটার ও তথ্যপ্রযুক্তি পাঠাগারও নির্মাণ করে দেওয়ার কথা তাদের। এ জন্য সোনাদিঘির পাড়ের দোকানঘরগুলোকে অন্যত্র পুনর্বাসন করা হবে। ৩৬ মাসে এসব কাজ শেষ করার কথা ছিল এনা প্রপার্টিজের। কিন্তু আট বছর পার হলেও এখনো সিটি সেন্টার নির্মাণের কাজ শেষ হয়নি। এরই মধ্যে সোনাদিঘির একাংশ দখল করে মার্কেটনির্মাণের কাজ শুরু করে বাগমারার সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ।

জানতে চাইলে সাংসদ এনামুল হক প্রথম আলোকে বলেন, মেয়রসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে তাঁদের এ বিষয়ে কথা হয়েছে। স্থাপনাটি করা হচ্ছে পুকুরপাড়ের দোকানঘরগুলোকে পুনর্বাসনের জন্য। মোট ৩২ ফুট সোনাদিঘির ভেতরে চলে গিয়েছিল। এখন ১৬ ফুট ছেড়ে দেওয়া হবে। বাকি ১৬ ফুটের ওপরে স্থাপনা করে তাদের পুনর্বাসন করা হবে।

সোনাদিঘি দখলমুক্ত করার জন্য গত ২২ এপ্রিল রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটি নগরে মানববন্ধন করে। একই দাবিতে ৩০ এপ্রিল মানববন্ধন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বিষয়টি তদন্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আমিনুল ইসলামকে। সদস্য দুজন হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহম্মদ ও রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক শ্যাম কিশোর রায়। এই কমিটির সদস্যরা সরেজমিনে সোনাদিঘি পরিদর্শন করেন। পাশাপাশি দিঘির দখলের পরিমাণ নির্ণয় করতে তাঁরা বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করে দেন।সেই কমিটি তদন্ত করে সম্প্রতি প্রতিবেদন দাখিল করেছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সোনাদিঘির পুকুরের মোট আয়তন ১ দশমিক ৪৫০০ একর। এর মধ্য থেকে এনা প্রপার্টিজ পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে শূন্য দশমিক ১১৯৪ একর (১১ শতাংশের কিছু বেশি) জায়গা ভরাট করেছে। ভরাটকৃত জায়গার প্রায় অর্ধেকটাজুড়ে (শূন্য দশমিক ০৬০২ একর) ইতিমধ্যে ১২টি আরসিসি পিলার দিয়ে ভূমি সমান করে গ্রেট বিম নির্মাণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগেও সোনাদিঘি জলাশয়ের অন্যান্য পাড় ভরাট করা হয়েছে। এভাবে পুকুরের মোট শূন্য দশমিক ৩৮২৪ একর জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান আমিনুল ইসলাম বলেন, প্রতিবেদনটি ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যমান আইনে রাজশাহী নগরের ভেতরে জলাশয় ভরাট করা বেআইনি। শ্রেণি পরিবর্তন না করে কোনো ব্যক্তিমালিকানাধীন জলাশয়ও ভরাট করা যায় না। সেখানে এনা প্রপার্টিজ ঐতিহ্যবাহী সরকারি জলাশয় সোনাদিঘি ভরাট করায় ক্ষুব্ধ অনেকে।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা যে আন্দোলন করছিলাম, তা যে যৌক্তিক, তা এই তদন্ত প্রতিবেদনের মাধ্যম প্রমাণিত হলো। এখন আমাদের দাবি, যত দ্রুত সম্ভব এই অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে।’