সোনাদিয়া চ্যানেলে ফিশিং বোটে ডাকাতি, পাঁচ জেলে নিখোঁজ
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া পশ্চিম চ্যানেলে গত রোববার রাতে একটি ফিশিং বোটে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের বোটের ধাক্কায় ফিশিং বোটটি সাগরে ডুবে গেলে পাঁচজন জেলেনিখোঁজ হন।ফিশিং বোটটির মালিক ওচমান গণি জানান, রোববার সকালে ১২ জন মাঝিমাল্লা নিয়ে ফিশিং বোটটি সোনাদিয়ার পশ্চিমে সাগরে মাছ ধরতে যায়। রাতে মাছ ধরার সময় জলদস্যুরা ফিশিং বোটে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। জলদস্যুদের বোটের ধাক্কায় ফিশিং বোটটি সাগরে ডুবে যায়। এতে ১২ জন মাঝিমাল্লার মধ্যে সাতজন সাঁতার কেটে অন্য একটি বোটে উঠতে পারলেও বাকি পাঁচজন নিখোঁজ হন। তাঁরা হলেন—আবদুস সালাম, বশির আহমদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মাহাদু ও মোহাম্মদ হোসেন। এ ঘটনায় মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ফেরারি আসামিরা বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় আশ্রয় নিয়েছে। তারা সোনাদিয়ার পেশাদার জলদস্যুদের সঙ্গে মিলে বিভিন্ন দলে ভাগ হয়ে সাগরে দস্যুতা চালাচ্ছে। জেলে ও ফিশিং বোটের মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ এইচ এম তৌহিদ কবির প্রথম আলোকে বলেন, নিখোঁজ হওয়া জেলেদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।