সোনাদিয়া দ্বীপ থেকে কুয়াকাটার পথে ঊর্মি
পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত জলপাই রঙের কচ্ছপ ঊর্মি কুয়াকাটার দিকে অগ্রসর হচ্ছে। গতকাল বুধবার ভোর চারটায় তার অবস্থান ছিল কক্সবাজারের সোনাদিয়া উপকূল থেকে সোজা পশ্চিমে বঙ্গোপসাগরের প্রায় ১৬৫ কিলোমিটার দূরে। গত ২৯ মার্চ সন্ধ্যায় অলিভ রিডলে কচ্ছপ ঊর্মির পিঠে বিশেষ প্রক্রিয়ায় স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন করে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিম সৈকত সাগরে ছেড়ে দেওয়া হয়। সামুদ্রিক কচ্ছপের গতিবিধি জানতে সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা ও সংরক্ষণ সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্সের পক্ষ থেকে যন্ত্রটি স্থাপন করা হয়।সংস্থাটির নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম জানান, ঊর্মি এখন কুয়াকাটার দিকে অগ্রসর হচ্ছে। গত দুই-তিন দিন ধরে কচ্ছপটি এক জায়গায় ঘুরপাক খাচ্ছিল। গতকাল ভোর পর্যন্ত ঊর্মি মূলত ২৮২ কিলোমিটার পথ অতিক্রম করে। তবে সোনাদিয়া উপকূল থেকে হিসাব করলে ওই দূরত্ব প্রায় ১৬৫ কিলোমিটার। ইন্টারনেটের মাধ্যমে ঊর্মির গতিবিধি প্রতিদিন লক্ষ্য করা হচ্ছে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে www.seaturtle.org/tracking/?project_id=487 এ ঠিকানায় ঊর্মির অবস্থান জানতে পারবেন।