সোনাদিয়াতে বন বিভাগের সাড়ে ৩০০ একর জমি উদ্ধার
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া এলাকায় উপকূলীয় বন বিভাগের প্রায় সাড়ে ৩০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করে। বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্যারাবনে আগুন দিয়ে ৬১০ একর জমির গাছ পুড়িয়ে তাতে ১৩টি চিংড়ি ঘের করেন। এ ঘটনায় শতাধিক দখলদারের বিরুদ্ধে তিনটি মামলা করা হলেও এত দিন দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। গতকাল সকাল নয়টার দিকে উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশ, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), বন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়। সুনীল কুমার কুন্ডু গতকাল বিকেলে ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনটি ঘেরের তিন শতাধিক একর ভূমি বন বিভাগের দখলে নেওয়া হয়েছে।