সোনাদিয়ার নির্জন সৈকতে ডিম দিচ্ছে মা-কচ্ছপ
বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সোনাদিয়া দ্বীপের নির্জন সৈকতের বালুচরে প্রতিদিন ডিম দিচ্ছে অসংখ্য মা-কচ্ছপ। অনুকূল পরিবেশ থাকায় বিশেষ করে ‘অলিভ রিডলে’ নামের জলপাই রঙের এক প্রজাতির কচ্ছপ সাগরপথে শত শত মাইল পাড়ি দিয়ে এই সৈকতে ছুটে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, একসময়ে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, টেকনাফের শাহপরীর দ্বীপ, বাহারছড়া, শামলাপুর, মনখালী, কক্সবাজার সৈকতে হাজার হাজার মা-কচ্ছপ দেখা যেত। কিন্তু নানা অবকাঠামো, লোকজনের ব্যাপক সমাগমসহ বিভিন্ন কারণে অনুকূল পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় এসব সৈকতে এখন আর মা-কচ্ছপ দেখা যায় না বললেই চলে। এ ছাড়া উপকূলে মাছ ধরার জালে আটকা পড়ে শত শত কচ্ছপের মৃত্যু হয়। তবে মা-কচ্ছপের জন্য সোনাদিয়া সৈকতকে নিরাপদ করতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ডিম দেওয়ার জন্য কচ্ছপ এখন সোনাদিয়া সৈকতকেই বেছে নিচ্ছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার প্রায় আট কিলোমিটার সৈকতে অসংখ্য কচ্ছপের সাগর থেকে বালুচরে ডিম পাড়তে আসার ছাপ লক্ষ করা গেছে। সেখানে বালুচর থেকে ডিম সংগ্রহ করে বেশ কয়েকজনকে হ্যাচারিতে সংরক্ষণ করতেও দেখা যায়। পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের (সিবিএইসিএ) আওতায় সোনাদিয়া পূর্বপাড়া গ্রাম সংরক্ষণ দল সৈকতের বিভিন্ন স্থানে হ্যাচারি স্থাপন করে ওই ডিম সংরক্ষণ করছে। গ্রাম সংরক্ষণ দলের সভাপতি গিয়াস উদ্দিন (৩২) জানান, মা-কচ্ছপ সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত ডিম দিতে নির্জন সৈকতের বালুচরে আসে। বালুচরে পা দিয়ে দেড় ফুট গভীর গর্ত তৈরি করে সেখানে ৪০-৫০টি ডিম পেড়ে সেই গর্ত বালু দিয়ে ঢেকে দেয়। তারপর আবার সাগরে ফিরে যায়। দিনের বেলায় কুকুর, শিয়াল, গুইসাপ এসব ডিম খেয়ে ফেলে। তাই তাঁরা ডিমগুলো সংগ্রহ করে প্রজননকেন্দ্রে নিয়ে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছেন। দেড়-দুই মাস পর মাটির নিচে ডিম থেকে বাচ্চা ফুটে কচ্ছপছানা ওপরে চলে আসে। পরে বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নেকম ও সুখী বাংলা ফাউন্ডেশন যৌথভাবে এসব প্রজননকেন্দ্র পরিচালনা করছে।নেকমের জেলা ব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, গত এক মাসে সোনাদিয়া সৈকত থেকে কচ্ছপের প্রায় পাঁচ হাজার ডিম সংগ্রহ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তা থেকে বাচ্চা ফুটবে। পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবক গিয়াস উদ্দিন বলেন, ‘অনেকে সন্ধ্যারাতে সৈকতে উপস্থিত থেকে কচ্ছপের ডিম পাড়ার দুর্লভ দৃশ্য দেখার ইচ্ছা পোষণ করেন। কিন্তু এটি সম্পূর্ণ প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়ায় আমরা ওই সুযোগ (সৈকতে বিচরণ) কাউকে দিচ্ছি না।’